পাত্তাই পেল না ঢাকা, ১০ উইকেটের দাপুটে জয় চট্টগ্রামের

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার (২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে একপ্রকার বিধ্বস্ত করে ১০ উইকেটের বড় জয় পায় বন্দরনগরীর দলটি।

টস হেরে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে ঢাকা। চট্টগ্রামের পেস আক্রমণের সামনে শুরু থেকেই নড়বড়ে হয়ে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। শরীফুল ইসলামের তীক্ষ্ণ বোলিংয়ে দলীয় ৬৬ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস।

অষ্টম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসির হোসেন। তাদের ৪৮ রানের জুটিতে দলীয় স্কোর একশো ছুঁলেও বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১৯ ওভার ৪ বলে ১২২ রানে অলআউট হয় ঢাকা। সাইফউদ্দিন সর্বোচ্চ ৩৩ রান করেন, নাসিরের ব্যাট থেকে আসে ১৭ রান। চট্টগ্রামের হয়ে শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম শিকার করেন ৩টি করে উইকেট।

১২৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো ঝুঁকি নেয়নি চট্টগ্রাম রয়্যালস। দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখ ধৈর্য ধরে ইনিংস গড়ে তোলেন এবং পরে ধীরে ধীরে আক্রমণে যান।

দুজনের ব্যাটেই আসে ঝকঝকে ফিফটি। রশিংটন ৩৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৬০ রান করেন। অন্যদিকে নাঈম শেখ ৪০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত থাকেন ৫৬ রানে। উদ্বোধনী জুটিতে তাদের অপ্রতিরোধ্য ১২৩ রানের অংশীদারিত্বেই কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে চট্টগ্রাম।

এই বিভাগের আরো খবর