বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে নিহত ১০

সময়ের চিত্র ডেস্ক:

ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে ৪৮ নম্বর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বেঙ্গালুরু থেকে শিমোগাগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের ডিভাইডার পার হয়ে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় বাসের জ্বালানি ট্যাংকে আঘাত লাগায় মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় এবং পুরো বাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর বাসের ভেতরে আটকা পড়া বেশ কয়েকজন যাত্রী বের হতে না পেরে জীবন্ত দগ্ধ হন। এতে ঘটনাস্থলেই আটজন যাত্রী এবং ট্রাকচালকসহ মোট ১০ জনের মৃত্যু হয়। অনেক যাত্রী জানালার কাচ ভেঙে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

বাসের এক যাত্রী আদিত্য জানান, দুর্ঘটনার পর চারদিকে আতঙ্ক আর মানুষের চিৎকারে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আগুনের তীব্রতায় কাউকে সাহায্য করা প্রায় অসম্ভব ছিল বলে তিনি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বাসটির বড় একটি অংশ পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনার ফলে মহাসড়কের তুমকুর অংশে প্রায় আট কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা সড়ক বন্ধ থাকায় শত শত যানবাহন আটকা পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারী পর্যটক জানান, দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি চরমে পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ সময় লাগে।

উল্লেখ্য, ভারতে সাম্প্রতিক সময়ে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত নভেম্বরেও তেলেঙ্গানার হায়দরাবাদ-বিজাপুর মহাসড়কে একটি পাথরবোঝাই ট্রাক ও বাসের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছিলেন। কর্ণাটকের এই দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তা ও চালকদের সতর্কতার বিষয়টি নতুন করে সামনে আনল।

এই বিভাগের আরো খবর