হাদির হত্যাকারী দেশে নাকি বিদেশে—এ বিষয়ে নিশ্চিত তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়ের চিত্র ডেস্ক:

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত মূল হোতা বর্তমানে দেশে অবস্থান করছে নাকি বিদেশে পালিয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অভিযুক্তের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকলে ইতোমধ্যেই তাকে আটক করা সম্ভব হতো।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, তদন্তের অংশ হিসেবে ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক ও ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের চালককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকা থেকে একটি দালাল চক্রকে আটক করা হয়েছে, যারা এ ঘটনায় সম্পৃক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলমান ‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে এ পর্যন্ত ৬ হাজার ৯৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সংবাদমাধ্যমের সম্পাদকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকদের জন্য গানম্যান নিয়োজিত করা হয়েছে এবং তাদের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এমন আরও অনেককে সুরক্ষা দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।

তারেক রহমান দেশে ফিরলে তাকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত।

নিজের পদত্যাগের গুজব প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পদত্যাগ করলে সচিবালয়ে উপস্থিত থাকতেন না বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরো খবর