খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিকের মৃত্যু, আহত পশু চিকিৎসক

স্টাফ রিপোর্টার:

খুলনার ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইমদাদুল হক মিলন (৪৫)। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আড়ংঘাটা থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

 

ইমদাদুল হক মিলন শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক এবং শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি স্থানীয় মোহাম্মদ বজলুলের ছেলে।

 

পুলিশ জানায়, ঘটনার সময় মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে আসা চারজন অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে পাশেই থাকা এক পশুচিকিৎসক মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আহত ব্যক্তি সরে গেলে হামলাকারীরা চায়ের দোকানের ভেতরে ঢুকে ইমদাদুল হক মিলনের মাথায় কাছ থেকে একাধিক গুলি করে দ্রুত পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। আলামত সংগ্রহ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর