সময়ের চিত্র ডেস্ক:
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বাইকটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরায়েজী।
রোববার (১৪ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকের নাম মো. কামরুজ্জামান রুবেল এবং তার পিতার নাম মো. আব্দুল মজিদ।
ইসরাফিল ফরায়েজী বলেন, “এই মোটরসাইকেল ব্যবহার করেই হাদি ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছিল। বাইকটির মালিক বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। ইনশাআল্লাহ, আমাদের ভাইও সুস্থ হয়ে ফিরবেন।”
অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হান্নান নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।