সময়ের চিত্র ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী তৎপরতা দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালু করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা বৈধভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইবেন, তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্বাচনের কারণে যাদের আগ্নেয়াস্ত্র সাময়িকভাবে জমা রাখা হয়েছে, সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই যোদ্ধাদের নিরাপত্তা
জাহাঙ্গীর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
জড়িতদের গ্রেপ্তারে নির্দেশ
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর অবস্থানের কথা জানান।
তিনি আরও বলেন, এই ধরনের হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা হতে পারে। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা সরকার কঠোরভাবে দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।