নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই, ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, বাবুবাজার এলাকার ‘জমেলা টাওয়ার’ নামের ১২তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ এবং হতাহত সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছে।