সময়ের চিত্র ডেস্ক:
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ দ্রুত জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে মিরপুর সড়কে এ অবরোধের কারণে যান চলাচল পুরোপুরি থমকে যায়। এতে নিউমার্কেট ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন অফিসগামী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
সকালে প্রথমে ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি আজিমপুর মোড় ঘুরে আবার ঢাকা কলেজের সামনে এসে প্রধান সড়ক আটকে দেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও আইন জারির বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভবিষ্যৎ অনিশ্চয়তায় রয়েছে বলে দাবি তাদের।
তারা আরও জানান, দ্রুত অধ্যাদেশ জারি না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।