সময়ের চিত্র ডেস্ক:
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এই রায় প্রকাশ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ।
বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রায় ঘোষণার সময় আদালতকক্ষ আইনজীবী ও গণমাধ্যমকর্মীতে ভরপুর হয়ে ওঠে।
রায়ে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে, তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে।
১১ নভেম্বর শুনানি শেষে আপিল বিভাগ এদিন রায় ঘোষণার তারিখ ধার্য করেছিল। শুনানিতে বিএনপি, জামায়াতসহ আপিলকারীদের আইনজীবীরা যুক্তি তুলে ধরেন যে, ব্যবস্থাটি ফিরিয়ে আনা হলেও নিকটবর্তী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে—এ বিষয়ে আদালতের সঙ্গেও তাদের মত মিলেছে।
২০১১ সালের ১০ মে তৎকালীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিল। পরবর্তীতে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানো নিয়ে নতুন আইনি প্রক্রিয়া শুরু হয়।
চলতি বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আগের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন নাগরিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার পৃথকভাবে আপিল করেন।