যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি হামলা, গাজায় নিহত ২৮

সময়ের চিত্র ডেস্ক:

ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও থামেনি হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) বোমা হামলায় অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭৭ জন।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, বুধবার (১৯ নভেম্বর) গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় তিনটি স্থানে এবং গাজা সিটির শুজাইয়া ও জয়তুন এলাকায় পৃথক দুটি ভবনে হামলা চালানো হয়। এসব হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

 

হানি মাহমুদের তথ্যমতে, গাজা সিটির এক ভবনে একই পরিবারের পাঁচ সদস্য—বাবা, মা ও তিন সন্তান—নিহত হয়েছেন।

 

তিনি আরও জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিয়মিত হামলা ও গোলাগুলির কারণে সাধারণ মানুষের জীবন এখনও চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরো খবর