কুড়িগ্রামে পৃথক দুটি দূর্ঘটনায় আহত ৪,নিহত ১

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে পৃথক দুটি দূর্ঘটনায় আহত ৪,নিহত ১

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের ঘুণ্টিঘর ও কুড়িগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজার এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দরের দিক থেকে আসা একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক মজিবর রহমান (৪০) ভটভটির নিচে চাপাপড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প‌রে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মজিবর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে।

 

অপরদিকে, ভূরুঙ্গামারীর জয়মনিরহাট বাজার এলাকায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হয়। আহতরা হলেন- পাথরডুবী ইউনিয়নের মাইদুল (২৮), সেলিম (২২), সোহেল (২৮) ও জয়মনিরহাট ইউনিয়নের বাতেন আলী (৬০)। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

 

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (প.প) মোঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, ‘দুর্ঘটনার শিকার মজিবর রহমানকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়েছিল। এ ছাড়া দুর্ঘটনায় আহত আরও চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, ‘ভটভটি চালক মজিবর রহমানের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুর্ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

এই বিভাগের আরো খবর