নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

সময়ের চিত্র ডেস্ক :

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লন্ডনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। পরদিন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

প্রধান উপদেষ্টা জানান, দলটির কার্যক্রম স্থগিত হওয়ার পর নির্বাচন কমিশন তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে। গত ১৬ বছরে তিন দফা বিকৃত নির্বাচনের কারণে বহু তরুণ ভোটাধিকার থেকে বঞ্চিত হলেও এবার প্রায় ১০ লাখ নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক। ভোটার উপস্থিতিও হবে উল্লেখযোগ্য।

 

জুলাই সনদকে ‘বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা’ হিসেবে আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা জানান, গত বছরের জুলাই–আগস্টের গণআন্দোলনের চেতনা এই সনদের মাধ্যমে প্রতিফলিত হবে।

 

যমুনায় অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য, অভিবাসন ব্যবস্থাপনা, রোহিঙ্গা পরিস্থিতি এবং বিমান ও সামুদ্রিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

বৈঠকে ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক সংলাপকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও নিরাপদ অভিবাসন ব্যবস্থার ওপর গুরুত্ব দেন।

 

রোহিঙ্গা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, শিবিরের তরুণরা দীর্ঘদিন শিক্ষাবিহীন বড় হওয়ায় হতাশা ও ক্ষোভে ভুগছে—তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।

এ ছাড়া বাংলাদেশ উপকূলীয় ও সামুদ্রিক গবেষণার জন্য একটি ব্রিটিশ গবেষণা জাহাজ ক্রয় করছে বলেও তিনি জানান। ব্রিটিশ মন্ত্রী বৈঠকে উল্লেখ করেন, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

 

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর