সময়ের চিত্র ডেস্ক :
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তার সম্পূর্ণ দায়ভার সরকারের ওপরই পড়বে। সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো সে সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে না।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে প্রায় এক বছর ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়। কিছু ‘নোট অব ডিসেন্ট’ থাকা সত্ত্বেও ঐকমত্যের ভিত্তিতেই গত ১৭ অক্টোবর সনদটি স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইনের আলোকে এটি বাস্তবায়নে সবাই প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা সম্প্রতি এমন বক্তব্য দিচ্ছেন, যা সনদের পরিধির বাইরে সরকারি সিদ্ধান্ত ঘোষণার ইঙ্গিত দেয়। এটি বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ঐকমত্যের চেতনার পরিপন্থী।”
বিএনপি স্থায়ী কমিটি সরকারের প্রতি আহ্বান জানায়— সনদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা ঘোষণা না দেওয়ার জন্য সতর্ক পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্যরা— মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।