গণতন্ত্রকে আবারও হুমকির মুখে ফেলার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

সময়ের চিত্র ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে আবারও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার অপচেষ্টা চলছে।

 

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন। সেদিন দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদের চক্রান্ত প্রতিহত করে দেশকে রক্ষা করেছিল।

 

মির্জা ফখরুল বলেন, সেই সময় দেশপ্রেমিক সেনা ও জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। তাঁর নেতৃত্বে বিচার বিভাগের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বাজারভিত্তিক অর্থনীতির ভিত্তি প্রতিষ্ঠিত হয়।

 

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আজ দেশে গণতন্ত্র আবারও সংকটে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয়—ঐক্যবদ্ধ জাতি কখনও পরাজিত হয় না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আছি।”

 

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা কেবল বিএনপির নয়, বরং সকল গণতন্ত্রপ্রেমী মানুষের। “এই চেতনা থেকেই আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”

 

জামায়াতে ইসলামীর সংলাপের আহ্বান প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। গতকালই আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছি।”

এই বিভাগের আরো খবর