জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

সময়ের চিত্র ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি তার প্রেস উইং নিশ্চিত করেছে।

 

নয় দিনের সফরে ড. ইউনূস বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেন। ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। একই দিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং অনুন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমার সঙ্গে বৈঠক করেন তিনি।

 

৩০ সেপ্টেম্বর ড. ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন।

 

এ ছাড়া নিউইয়র্ক অবস্থানকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনায় অংশ নেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সফর চলাকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভোসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এই বিভাগের আরো খবর