মেহেরপুরে নবজাতক শিশু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া কালী মন্দির এলাকার বাঁশবাগান থেকে সদ্যজাত এক কন্যাশিশুকে উদ্ধার করেছেন দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টহলরত অবস্থায় বাঁশবাগান থেকে কান্নার শব্দ শুনতে পান আনসার সদস্যরা। পরে গিয়ে তারা নবজাতকটিকে পড়ে থাকতে দেখে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

উদ্ধারকারী আনসার সদস্য হুসাইন বলেন, “টহলের সময় বাঁশবাগান থেকে শিশুর কান্না শুনে কাছে যাই। সেখানে সদ্যজাত নবজাতককে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।”

 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন জানান, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ বলেন, “শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।”

 

নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় জমে যায় স্থানীয়দের। অনেকেই শিশুটিকে দেখতে আসেন এবং কেউ কেউ লালন-পালনের আগ্রহ প্রকাশ করেন। স্থানীয়দের দাবি, শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পূজামণ্ডপের কাছ থেকে নবজাতক উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে মানুষের মধ্যে নানা আলোচনা চলছে।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।”

এই বিভাগের আরো খবর