যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলায় নিহত ৪, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক মর্মন চার্চে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। হামলাকারী পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়।

 

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার সকালে ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের লেটার-ডে সেইন্ট (এলডিএস) চার্চে এ হামলা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী প্রথমে একটি গাড়ি চার্চের ভেতরে ঢুকিয়ে দেন। এরপর উপস্থিত মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালান এবং পরে চার্চে আগুন ধরিয়ে দেন। দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভেতরে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

 

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ৪০ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে পুলিশের পাল্টা গুলিতে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে জনগণের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই। নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

 

হামলার কারণ ও পেছনের উদ্দেশ্য খুঁজে বের করতে ব্যাপক তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রায় ১০০ জন এফবিআই এজেন্ট তদন্তে অংশ নিয়েছেন। তারা হামলাকারীর মোবাইল ফোন রেকর্ড ও ব্যক্তিগত সামগ্রী খতিয়ে দেখছেন।

 

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এ ঘটনাকে “কাপুরুষোচিত এবং জঘন্য অপরাধ” বলে উল্লেখ করেন এবং হামলার নেপথ্যে কোনো সংগঠিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

 

এ ঘটনায় গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এই বিভাগের আরো খবর