সময়ের চিত্র ডেস্ক:
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালুর দাবি কিংবা একটি রাজনৈতিক দলের প্রতীক সংক্রান্ত জটিলতা জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু মিলনায়তনে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী পরিচালিত একটি প্রতিষ্ঠান। আইন অনুযায়ীই সব কার্যক্রম সম্পন্ন হবে। আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই এবং কমিশন তেমন কিছু করবে না। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন সর্বদা প্রস্তুত।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, অতীতে যারা নির্বাচনে অনিয়ম বা অবৈধ কাজে যুক্ত ছিলেন, তাদেরকে এবার দায়িত্ব থেকে সরিয়ে রাখা হবে।
কর্মশালার উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্য কর্মকর্তারা।