ফেব্রুয়ারিতেই ভোট চান অধিকাংশ নাগরিক: জরিপে মতামত

সময়ের চিত্র ডেস্ক:

 

২০২৬ সালের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হওয়া উচিত—এমন দাবি জানিয়েছেন দেশের ৮৬ দশমিক ৫ শতাংশ ভোটার। একই জরিপে দেখা গেছে, ৯৪ দশমিক ৩ শতাংশ নাগরিক ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সংসদের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা নিয়ে ৫৬ শতাংশ ভোটারের কোনো ধারণা নেই।

 

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ইনোভেশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড–২’-এর প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়।

 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরোয়ার জরিপের মূল ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

জরিপের গুরুত্বপূর্ণ দিকগুলো:

 

অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা: ৭৮ দশমিক ৭ শতাংশ নাগরিক সরকারের কার্যক্রমকে ‘ভালো’ বা ‘মোটামুটি’ হিসেবে মূল্যায়ন করেছেন। তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীদের সন্তুষ্টির হার তুলনামূলকভাবে কম।

 

নির্বাচন ও নিরাপত্তা: ৬৯ দশমিক ৯ শতাংশ বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে। ৭৭ দশমিক ৫ শতাংশ মনে করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তবে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তরুণ ও নগরবাসীর সংশয় বেশি।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ৫৬ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে। বিশেষ করে তরুণ ও উচ্চশিক্ষিত নাগরিকেরা এ বিষয়ে বেশি উদ্বিগ্ন। তথ্য পাওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমকেই তারা সবচেয়ে বেশি ব্যবহার করছেন।

 

নির্বাচনের সময়সূচি: নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষে আছেন ৮৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। তবে শিক্ষার্থী ও কিছু পেশাজীবী নির্দিষ্ট সময়সূচি নিয়ে আপত্তি তুলেছেন।

 

নির্বাচনী সংস্কার: ৫৬ শতাংশ নাগরিক সংসদের উচ্চকক্ষে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি সম্পর্কে জানেন না। তবে যারা জানেন, তাদের মধ্যে সমর্থনের হার বেশি। বিশেষত তরুণ ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠী এ ব্যবস্থার প্রতি বেশি ইতিবাচক।

 

 

গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাইমুম পারভেজ, বিডিজবসের সিইও এ কে এম ফাহিম মাশরুর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রশনা ইমাম এবং ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান।

 

উল্লেখ্য, ইনোভেশন কনসালটিং একটি আন্তর্জাতিক পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান। তাদের উদ্যোগে পরিচালিত এ জরিপে অংশ নিয়েছেন দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিক। বাস্তবায়নে সহযোগিতা করছে ভয়েস ফর রিফর্ম এবং বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)।

এই বিভাগের আরো খবর