বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় গুরুত্ব দিয়েছেন: নুরুল ইসলাম নয়ন

 চরফ্যাশন প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, তবে দেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে সর্বোচ্চ সহায়তা করা হবে। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া তার শাসনামলে নারী শিক্ষাকে বিশেষভাবে অগ্রাধিকার দিয়েছেন।”

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১০ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার আলো সবার ঘরে পৌঁছে দিতে আজীবন কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, সেখানে শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক সম্পাদক আহসান উল্যাহ বাহার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, প্রেসক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এই বিভাগের আরো খবর