ইসির ৫ দলের নাম ঘোষণার খবরের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:

নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে কয়েকটি দৈনিক পত্রিকায় আগে থেকেই ৫ দলের নাম প্রকাশিত হওয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই এ ধরনের সংবাদ প্রকাশ হওয়ায় নিবন্ধন প্রত্যাশী দলগুলোর মধ্যে হতাশা ও সন্দেহ দেখা দিয়েছে।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক নিয়ে দেশি-বিদেশি সংবাদমাধ্যমগুলোর নজর থাকলেও কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

 

তবে  কয়েকটি সংবাদপত্রে “এনসিপি সহ ৫টি রাজনৈতিক দল পাচ্ছে ইসির নিবন্ধন” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। একই ধরনের খবর একাধিক পত্রিকায় প্রকাশিত হওয়ায় নিবন্ধন প্রত্যাশী কয়েকটি দলের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

 

একজন নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক দলের নেতা বলেন, “আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই যদি কারও নাম সংবাদপত্রে প্রকাশিত হয়, তাহলে আমাদের মধ্যে হতাশা তৈরি হয়। আমরা চাই কমিশন এই বিষয়ে সঠিক ব্যাখ্যা দিক।”

 

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি মাসের (সেপ্টেম্বর) মধ্যে নতুন রাজনৈতিক দল নিবন্ধনপ্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। তবে কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত দলগুলোর নাম ঘোষণা করেনি।

 

নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “ইসির ৫ দলের নাম ঘোষণার খবরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দলের মাঠপর্যায়ের যাচাই-বাছাই শেষে প্রাপ্ত তথ্যগুলো ব্রডশিট আকারে কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” তিনি আরও জানান, প্রতীকসংক্রান্ত বিধিমালা সংশোধনের প্রস্তাব এখনো আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

 

উল্লেখ্য, এবারের নিবন্ধনের জন্য মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন জমা দেয়। প্রাথমিক বাছাই শেষে ১২১টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ২২টি দলকে মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হয়েছে। এসব দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পরই প্রতীক বরাদ্দসহ পরবর্তী ধাপ সম্পন্ন করবে কমিশন।

এই বিভাগের আরো খবর