কেশবপুর (যশোর) প্রতিনিধি :
আজ ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস’ উপলক্ষে যশোর জেলার কেশবপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অ্যাকশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি)-এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা প্রকাশ গণ কেন্দ্র এ আয়োজন করে।
কেশবপুর আইডিয়াল কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে পরিচ্ছন্ন থাকার প্রতিজ্ঞা এবং কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর অঙ্গীকারে স্বাক্ষর সংগ্রহ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রকাশ গণ কেন্দ্রের সভাপতি জনাব ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শহিদুল ইসলাম। এছাড়া কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, এনজিও কর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবেশকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজ পৃথিবী গড়তে সচেতনতা তৈরি এবং সবার সম্মিলিত উদ্যোগই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।