জাজিরা প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ প্রতিরোধে শরীয়তপুরের জাজিরায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়নি।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক হিমাংশু মোহন মণ্ডল। তবে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা দেরি করে আসায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অতিথি ও অংশগ্রহণকারীদের। অবশেষে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুন নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ, এমওডিসি ডা. নাজিম উদ্দিন, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার সুশান্ত কুমার সিকদার ও উত্তম পাল।
অভিযানের অংশ হিসেবে স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে মাইকিং ও প্রচারণা চালানো হয়। অংশগ্রহণকারীরা বাসাবাড়ি, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টির পানি জমে থাকা পাত্র এবং সম্ভাব্য ডেঙ্গুর প্রজননস্থল পরিষ্কার করেন। বক্তারা নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান।
ডেঙ্গু প্রতিরোধ অভিযানে জাজিরা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরাও অংশ নেন। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হয় এবং স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অধীনে এ কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে। ধাপে ধাপে দেশের বিভিন্ন পৌরসভায় এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করা হবে।