আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৫০ ছাড়াল, আহত ৫০০

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৫০০ জন। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ১৯টা ১৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহরের প্রায় ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়ে ৬.০।

প্রাথমিকভাবে জানা গেছে, কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি ও চাপা দারা জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বহু এলাকায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকারী দল দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে।

ভারপ্রাপ্ত আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আজ রাতের ভূমিকম্পে কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মূল ভূমিকম্পের পর অন্তত দুই দফা আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভূমিকম্পের কারণে সাওকি জেলার দেওয়াহ গুল ও নূর গুল জেলার মাজার দারার সড়ক ভূমিধসে বন্ধ হয়ে গেছে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা একে সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। প্রশাসন জানিয়েছে, সব ধরনের সম্পদ কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছানোর চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর