জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ, সর্তক থাকার আহ্বান তারেক রহমানের

সময়ের চিত্র ডেস্ক:

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে জাতীয় নির্বাচন বানচালে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে কোনো শক্তিই বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

 

রবিবার (৩১ আগস্ট) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক অনুষ্ঠানে দলের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

 

তারেক রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র নিরাপদ নয়। প্রায় এক বছর আগে তিনি সতর্ক করেছিলেন যে আসন্ন নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি সক্রিয় হবে—আজ সেই অপতৎপরতা জনগণের চোখে দৃশ্যমান হচ্ছে।

 

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটলেও কিছু রাজনৈতিক দল দলীয় স্বার্থ হাসিলের জন্য নানা শর্ত দিচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা।

 

বিএনপি সব সময় দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণকে আগে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। নির্বাচিত সরকার যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে পরবর্তী ভোটে জনগণ পরিবর্তনের সুযোগ পাবে—এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া।

 

সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন।

এই বিভাগের আরো খবর