সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ পরিস্থিতির সূত্রপাত হয়। এতে গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের কর্মীদের সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কাকরাইল এলাকায় আসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিছিল থেকে পুলিশের দিকে ইট ও জুতা ছোড়া হয়। কিছুক্ষণ পরই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে হামলা ও ভাঙচুর শুরু হয়, পরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ সংবাদ লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।