জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: রিজওয়ানা 

সময়ের চিত্র ডেস্ক:

জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

বুধবার বাংলাদেশ সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) এবং এর ওয়েবসাইট নির্মাণ বিষয়ক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

 

উপদেষ্টা বলেন, “বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরে শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য। উন্নয়ন লক্ষ্য ও পরিবেশ সুরক্ষা পাশাপাশি এগিয়ে নিতে হবে। যৌথ উদ্যোগ ছাড়া জলবায়ু ঝুঁকি আমাদের অগ্রগতিকে ছাপিয়ে যাবে।”

 

তিনি আরও জানান, জাতীয় অগ্রাধিকার ও উন্নয়ন সহযোগীদের সহায়তার মধ্যে সুষ্ঠু সমন্বয় স্থাপন করতে পারলেই বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে সফল হবে। এ সময় তিনি বিসিডিপি ওয়েবসাইটে বাংলাদেশের প্রশমন ও অভিযোজন কার্যক্রম অন্তর্ভুক্ত করারও পরামর্শ দেন।

 

এর আগে সকালে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে “বিসিডিপি ওয়ার্কিং গ্রুপসমূহের বিশদ কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা” অনুষ্ঠিত হয়। চারটি ওয়ার্কিং গ্রুপ এ কর্মশালায় তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করে।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। সমাপনী বক্তব্য দেন ইআরডি’র জাতিসংঘ উইংয়ের প্রধান এ.কে.এম. সোহেল। এডিবির সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মৌসুমি পারভীন বিসিডিপির কাঠামো ও অগ্রগতি উপস্থাপন করেন। কর্মশালা পরিচালনা করেন যুগ্মসচিব ধরিত্রী কুমার সরকার।

 

কর্মশালায় পরিবেশ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ বিভাগ, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয় ও এডিবি’র মোট ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর