সময়ের চিত্র ডেস্ক:
দেশের প্রকৌশল শিক্ষার্থীদের সংগঠন ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ বৃহস্পতিবার থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশে সংগঠনটির সভাপতি মো. ওয়ালীউল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন।
ওয়ালীউল্লাহ জানান, বৃহস্পতিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি কার্যকর হবে। এরপরও দাবি না মানা হলে বিকেল ৫টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।
এর আগে বুধবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা তাদের ঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেন। দুপুরে তারা যমুনা অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য এবং শিক্ষার্থী আহত হন।
ঘটনার পর শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন অব্যাহত রাখেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, শিক্ষার্থীদের অবস্থানের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। জনভোগান্তি কমাতে কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড় দিয়ে বিকল্প রুট চালু করা হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, পুলিশের হামলায় অন্তত ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের কয়েকজন সদস্য আহত হন।