সময়ের চিত্র রিপোর্ট:
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাহেরচর গ্রামের মোঃ কাউছার (৩৬) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবার গতকাল সোমবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে নিহতের মা মোসাঃ কুলসুম (৫৮) অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। তিনি জানান, সি.আর মামলা নং-৪৫৭/২০২৫, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি মোতাবেক মামলা দায়ের করা হলেও পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তার কারণে আসামিরা এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
কুলসুম আরও অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী মহলের সহায়তায় আসামিপক্ষ ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মীমাংসার চাপ সৃষ্টি করছে। এতে তাঁর পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, কাউছার হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত ও নৃশংস ঘটনা। কিন্তু রাজনৈতিক প্রভাব ও অর্থবল ব্যবহার করে আসামিরা প্রশাসনকে অকার্যকর করার চেষ্টা করছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি নিরীহ পরিবারকে বিচার চেয়ে রাজপথে দাঁড়াতে হচ্ছে—এটি অত্যন্ত দুঃখজনক।
বক্তারা অবিলম্বে হত্যা মামলার সকল আসামিকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক (আইজি) ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জরুরি আহ্বান জানান তারা।
সতর্ক করে বক্তারা বলেন, যদি দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা হয়, তবে দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা মনে করেন, এ ধরনের ঘটনা বিচারহীন থেকে গেলে সমাজে দৃষ্টান্তমূলক অপরাধ সংস্কৃতি গড়ে উঠবে এবং সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।
মানববন্ধনে নিহত কাউছারের পরিবার ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।