স্টাফ রিপোর্টার:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সাড়ে ৫ লাখ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী আন্দোলনের পর শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবে শিক্ষকরা এখন যে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা পান তা দ্বিগুণ পাবেন।
বুধবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষক নেতা ও শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তবে এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি চাকরিজীবীদের নিয়মে মূল বেতনের নির্দিষ্ট শতাংশ অনুযায়ী বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
জানা যায়, বর্তমানে দেশের এমপিওভুক্ত শিক্ষকরা মাসে বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা পান। আর চিকিৎসা ভাতা পান ৫০০ টাকা। এ বাড়ি ভাড়া আরও এক হাজার বাড়িয়ে দুই হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের দাবি, সরকারি চাকরিজীবীরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় কর্মরত থাকলে বাড়ি ভাড়া হিসাবে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ টাকা পেয়ে থাকেন। জেলা শহরে মূল বেতনের ওপর ৪০ থেকে ৬০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৩৫ থেকে ৫৫ শতাংশ পান।
একইভাবে এমপিওভুক্ত শিক্ষকদেরও বাড়ি ভাড়া ভাতা দিতে হবে। এর আগে বুধবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বৃদ্ধির যৌক্তিক দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে এক মাসের আল্টিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা। বেঁধে দেওয়া এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে ‘দৃশ্যমান ও যৌক্তিক’ পদক্ষেপ না নেওয়া হলে ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচির ঘোষণাও দেন তারা। এর আগে শিক্ষক প্রতিনিধি হিসেবে ১০ জন শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
দুপুর দেড়টার দিকে সমাবেশস্থল থেকে ১০ জন শিক্ষক নেতা সচিবালয়ে যান। তারা শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রদক্ষেপে শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিত করেছে। বৈঠক সূত্র জানায়, ভাতা বৃদ্ধি ছাড়াও এমপিওভুক্ত শিক্ষকদের সার্বজনীন বদলি নিয়ে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সভায় বসেই এ কমিটি করার ঘোষণা দেন উপদেষ্টা।