ভালুকায় মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভার একটি বাড়ি থেকে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) এবং পুত্র নীরব (২)।

পুলিশ জানায়, রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম তাঁর দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সকালে স্থানীয়রা তাদের ঘর থেকে কোনও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘরের ভেতর থেকে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, “সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।” এ হত্যাকাণ্ড ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর