চরফ্যাশনে নদী ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
ভোলার চরফ্যাশন উপজেলায় ভয়াবহ নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) নির্দেশ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের উন্নয়ন-৩ শাখার উপসচিব সুজিত হাওলাদার স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, চরফ্যাশনের গাছির খাল, বাংলাবাজার, ঘোষেরহাট ও বাবুরহাট এলাকায় নদী ভাঙনের ঝুঁকি দিনদিন বাড়ছে। তাই দ্রুত ব্লক স্থাপনসহ নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে পানি উন্নয়ন বোর্ডকে।
এর আগে, গত ১৪ জুন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া চরফ্যাশনের জনগণের পক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি লিখিত আবেদন করেন। সেখানে তিনি উল্লেখ করেন, নদী ভাঙনের কারণে এসব এলাকার মানুষ চরম ঝুঁকিতে রয়েছে এবং জরুরি ব্যবস্থা না নিলে জানমাল ও অবকাঠামোগত ক্ষতির সম্ভাবনা রয়েছে।
জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সরকার এমন পদক্ষেপ গ্রহণ করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে দ্রুত বাস্তবায়নই এখন সময়ের দাবি।