নিজস্ব প্রতিবেদক:
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ফের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এরইমধ্যে জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু দল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে।
এ নিয়ে শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে,সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে।
সরকার ইতোমধ্যেই জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে প্রচলিত আইনের আওতায় নিষিদ্ধ করেছে। একইসঙ্গে, মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী আনার প্রক্রিয়া শুরু হয়েছে।