ভোলায় অস্ত্র ও জাল টাকাসহ ৩ ডাকাত আটক

ভোলা প্রতিনিধি:

 

ভোলার দৌলতখানে ৩ টি আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং ৯ হাজার টাকার জাল নোটসহ ৩ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

 

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে প্রেস বিফ্রিং এর মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার দৌলতখান উপজেলাধীন মদনপুরের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ ৩ জন ডাকাতকে আটক করা হয়।

 

আটককৃত ডাকাত আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) এবং লোকমান (৪২) সকলেই ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরের বাসিন্দা।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন অঞ্চল সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগের আরো খবর