মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২ টা ৫০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মতে এর মাত্রা ছিল ৭.৭। অন্যদিকে চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ঝাঁকুনিটির মাত্রা ছিল ৭.৯। খবর আল জাজিরার।

 

বার্তা সংস্থা সিনহুয়ার মতে, সিইএনসির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে যে ইউনানে ভূকম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও শক্তিশালী কম্পনের খবর পাওয়া গেছে।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, অন্য ভূকম্পনটির মাত্রা ছিল ৬.৪। প্রথম কম্পনটি স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

 

কম্পনের সময় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাসিন্দারা উঁচু ভবন থেকে বেরিয়ে এসেছেন। সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কম্পন যথেষ্ট শক্তিশালী ছিল যাতে পুল থেকে জল বেরিয়ে আসে।

 

ব্যাংককে কিছু মেট্রো এবং রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। থাই প্রধানমন্ত্রী পেতোংটার্ন শিনাওয়াত্রা এক্স-এ একটি পোস্টে বলেছেন, শক্তিশালী ভূমিকম্পের পরে একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন তিনি। এ কারণে তিনি দক্ষিণ দ্বীপ ফুকেটে একটি সরকারি সফর স্থগিত করেছেন।

এই বিভাগের আরো খবর