ওয়ালিদ মুহাম্মাদ, নজরুল বিশ্ববিদ্যালয় :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে দেওয়া একটি পোস্টে ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের ষড়যন্ত্র ফাঁস করেন। মুহূর্তের মধ্যেই তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পোস্টে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে দেওয়া যাবে না। তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের একটি দল বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা বলেন, “নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি। যারা প্রাণ দিয়েছেন, যারা হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। সরকার যদি তাদের বিচার না করে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।”
তারা আরও বলেন, “আওয়ামী লীগ ছাড়া কোনো ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন হতে পারে না—এমন বক্তব্য ধোপে টেকে না। আমরা একচেটিয়া রাজনীতির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এবং আমরা তা করেই ছাড়ব।”
উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহর পোস্টে দাবি করা হয়, ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের পরিকল্পনা চলছে, যেখানে শেখ হাসিনাকে বাদ দিয়ে শেখ মুজিবের আদর্শের কথা বলে একটি নতুন দল তৈরির কৌশল নেওয়া হচ্ছে। ১১ মার্চ ক্যান্টনমেন্টে হাসনাত ও অন্যদের এই প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন। তার পোস্টের মাধ্যমে তিনি জনগণের সমর্থন চান, যাতে এই পরিকল্পনা ব্যর্থ করা যায় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়।