অনলাইন ডেস্ক:
বিশ্বকাপ খেলা চলাকালে টিভিতে কনডমের বিজ্ঞাপন বন্ধে টি-স্পোর্টস ও জিটিভিকে লিগ্যাল নোটিশ দিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির ১০ সদস্য।
বুধবার (১৮ অক্টোবর) টি-স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদিক ও জিটিভির ম্যানেজিং ডিরেক্টর আমান আশরাফ ফায়েজকে ১০ জন আইনজীবীর পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।
লিগ্যাল নোটিশ বলা হয়েছে, বর্তমান সময় আপনারা নোটিশ গ্রহীতাদের প্রচারিত কিছু অপ্রীতিকর বিজ্ঞাপন আমাদের পরিবারসহ খেলা দেখায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। পরিবারসহ অথবা অফিসকর্মী বা ছোট-বড় সকল বয়সের খেলা প্রেমীরা মিলে খেলা দেখছি অথবা বিশেষ করে বাংলাদেশের খেলা বা বিশ্বকাপ খেলা দেখার জন্য খেলা প্রেমীরা স্কুল মাঠে বা যেকোনো খোলা ময়দানে বড় প্রজেক্টরে খেলা উপভোগ করি। কিন্তু হঠাৎ কনডমের বিজ্ঞাপন, যেখানে দেশি-বিদেশি অভিনেতা-অভিনেত্রীদের অশালীন শরীর সমাচার। যা আমাদের চরমভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়, যাহা খুবই দুঃখ জনক ও আমাদের তরুণ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ বটে।
আমরা বাঙালি জাতি এবং আমাদের একটা বাঙ্গালী সংস্কৃতি রয়েছে, এমনকি আমাদের দেশে সংখ্যা গরিষ্ঠ জনগণ ইসলাম ধর্মাবলম্বী। বিদেশি সংস্কৃতির অপপ্রয়োগ আমাদের থেকে শুরু করে আমাদের পারিবারিক ব্যবস্থাপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যার ফলাফল স্বরূপ ক্রিকেট সহ অন্যান্য জনপ্রিয় খেলা হওয়া সত্ত্বেও পরিবারসহ দেখতে আমাদেরই ইতস্ততাবোধ হয়। ভয় হয় কখন এমন বিজ্ঞাপন চোখের সামনে চলে আসে যা দেখার পর পিতা-মাতার সাথে সন্তানের, ভাইয়ের সাথে বোনের চোখ মিলাতে কষ্ট হয়। জাতীয় সম্প্রচার নীতিমালা বিরোধী। যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
কনডমের বিজ্ঞাপন আমাদের ক্রিকেট প্রেমীদের অপূরণীয় ক্ষতি সাধন সহ বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং উক্ত বিজ্ঞাপন গুলো বাতিলের মাধ্যমে ক্রীড়া প্রেমীদের ইচ্ছাপূরণে আপনাকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় উপরোল্লিখিত আইন ভঙ্গ ও সামাজিক অবক্ষয়ের কারণে আপনি এবং আপনার প্রতিষ্ঠান কে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করা গেলো। অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।