কুমিল্লা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদে পল্লির বাহরাম মিয়া (৬০), দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের আবুল কালাম (৪০)।
আহতরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসযাত্রী মিল্লাত, নওগাঁ জেলার আরিফুল ইসলাম, ঢাকার মগবাজার এলাকার সাবিনা ও তার মেয়ে তানহা। অন্য ছয়জনের নাম, পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস হারিখোলা মাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। ওই সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ ১০ বাসযাত্রী। হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।