সময়ের চিত্র ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সবধরনের সামরিক প্রস্তুতি থাকতে হবে।
তবে বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ করতে চায়না সব দেশের সাথে বন্ধুত্বই বাংলাদেশের কাম্য।
রবিবার (৩ সেপ্টেম্বর) নৌবাহিনী প্রধানের সচিবালয়ে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী সিলেকশন বোর্ড-২০২৩-এ ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, জনগণের আর্থ-সামাজিক অগ্রগতির স্বার্থে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে।
শেখ হাসিনা বলেন, প্রতিটি দেশের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। যেহেতু আমরা জাতির পিতার দেওয়া নীতি অনুসরণ করছি, তাই আমরা সবার সাথে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি। কারণ আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা।
দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাঁর সরকারের প্রচেষ্টার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, সরকার সফলভাবে দেশের জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি সাধন করছে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।